হোটেলে কার সঙ্গে জ্যাকুলিন?

অনলাইন ডেস্ক:

বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে সুহানা খানের পর এবার ভাইরাল ভিডিওর কবলে পড়লেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। দিল্লির একটি হোটেলে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির সঙ্গে জ্যাকুলিনকে বসে থাকতে দেখে গোপনে ভিডিও করেন এক ভক্ত। সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দিল্লির একটি হোটেলে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন জ্যাকুলিন। সেখানেই এক ব্যক্তি তাকে লক্ষ্য করেন এবং ভিডিওটি ধারণ করেন। সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করে ওই ব্যক্তি প্রশ্ন তোলেন, “ইনি কি জ্যাকুলিন ফার্নান্দেজ? চিনতে পারলে বলুন।”

সাধারণত তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেলেও, জ্যাকুলিন পুরো বিষয়টি অত্যন্ত ইতিবাচক ও মজার ছলে নিয়েছেন। কোনো অভিযোগ তোলার বদলে ওই ব্যক্তিকে উত্তর দিয়ে নায়িকা লিখেছেন, “হ্যাঁ, ওটা আমিই।”

তবে জ্যাকুলিন বিষয়টি সহজভাবে নিলেও ভক্তদের একটি বড় অংশ তারকাদের ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি রণবীর কাপুর, কারিনা কাপুর এবং শাহিদ কাপুরের মতো তারকারাও ফটোসাংবাদিক বা সাধারণ মানুষের অতি-আগ্রহের কারণে বিরক্ত হয়েছেন। বিশেষ করে শাহিদ কাপুর তার মেয়ের ছবি তোলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে এই বিতর্কের মাঝেও জ্যাকুলিনের সহজ স্বীকারোক্তি ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে।