অনলাইন ডেস্ক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার ক্যারিয়ারের শুরু থেকেই স্পষ্টভাষী ও ঠোঁটকাটা স্বভাবের জন্য পরিচিত। সমসাময়িক নানা বিষয়ে প্রতিবাদী কণ্ঠ হিসেবে তাকে দেখা গেলেও, এবার যেন কিছুটা ক্লান্ত এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানালেন, বর্তমান প্রেক্ষাপটে চুপ থাকাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তার কাজ।
সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে একটি পোস্ট দেন চমক। সেখানে তিনি লেখেন, “এই দেশে সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ। যারা অন্যায়ের প্রতিবাদ করেন, তারা নির্বোধ। আজকে থেকে যাই হোক, আমি শাড়ি পরে রোমান্টিক ছবি দিব।”
মূলত দেশের চলমান অস্থিরতা এবং প্রতিবাদী মানুষের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির দিকেই ইঙ্গিত করেছেন এই অভিনেত্রী। তার মতে, যেখানে সত্য বলা বা অন্যায়ের প্রতিবাদ করাকে বোকামি হিসেবে দেখা হয়, সেখানে নিজেকে গুটিয়ে নেওয়াই শ্রেয়। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে সামাজিক বা সমসাময়িক জটিল বিষয় নিয়ে কোনো মন্তব্য না করে কেবল নিজের গ্ল্যামারাস ও রোমান্টিক ছবি পোস্ট করেই সময় কাটাবেন।
চমকের এই পোস্টে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে ভক্তদের একটি বড় অংশ তার এই অভিমতের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এক অনুসারী মন্তব্য করেছেন, “বর্তমান পরিস্থিতিতে সেটাই হবে সবচেয়ে বুদ্ধিমতীর কাজ।”











