নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ এবং বান্ধবী মারিয়া আক্তার লিমা এই হত্যাকাণ্ডে নিজেদের দায় স্বীকার করেছেন।
দুই দফায় ৯ দিনের রিমান্ড শেষে বুধবার সন্ধ্যায় ডিবি পুলিশ আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের স্বেচ্ছায় জবানবন্দি রেকর্ডের আবেদন জানালে আদালত তা গ্রহণ করেন। পৃথক দুই আদালতে আসামিদের জবানবন্দি রেকর্ড শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ঘটনার প্রেক্ষাপট: গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর প্রচারণা শেষে পল্টনের বক্স কালভার্ট রোড দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুত্বর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে গত ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
প্রথমে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হলেও হাদির মৃত্যুর পর গত ২০ ডিসেম্বর আদালতের নির্দেশে মামলায় ৩০২ ধারা (হত্যা) সংযোজন করা হয়। উল্লেখ্য, এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলাটি দায়ের করেছিলেন।











