বড়দিনের আবহে লাল-সবুজে মেহজাবীন

অনলাইন ডেস্ক:

খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আমেজে নিজেকে নতুনভাবে মেলে ধরলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। উৎসবের এই মহালগ্নে ভক্ত-অনুরাগীদের মাঝে ছড়িয়ে দিলেন মুগ্ধতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে বড়দিন। এই উৎসবকে ঘিরে গত বুধবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ রঙিন ছবি প্রকাশ করেন মেহজাবীন। ছবিতে তাকে বড়দিনের চিরচেনা লাল রঙের সোয়েটার এবং মাথায় সবুজ রঙের ক্রিসমাস হ্যাট পরা অবস্থায় দেখা যায়।

আলোকসজ্জায় মোড়ানো ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে মেহজাবীনের প্রাণবন্ত পোজ আর মায়াবী হাসি সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “বড়দিন উদযাপনকারী বন্ধুদের প্রতি ভালোবাসা ও শুভকামনা পাঠাচ্ছি।”

মেহজাবীনের এই শুভেচ্ছাবার্তাকে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন নেটিজেনরা। পোস্টটি দেওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার ভক্ত সেখানে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। বিনোদন জগতের তারকাদের এমন ইতিবাচক বার্তা সমাজে সুন্দর প্রভাব ফেলবে বলে মন্তব্য করছেন তাঁর অনুরাগীরা।