প্রহসনের রায়ে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক:

প্রহসনের রায়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, এ মৃত্যুর দায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের ওপর বর্তায়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ড. আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, “প্রহসনের মিথ্যা রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। যদি আরও দুই বছর আগে তাকে যথাযথ চিকিৎসার সুযোগ দেওয়া যেত, তাহলে হয়তো ভিন্ন কিছু হতে পারত।” তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে খালেদা জিয়াকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা নিয়মিত তার খোঁজখবর নিয়েছেন।

ড. আসিফ নজরুল জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি বৈঠক মঙ্গলবার দুপুরেই অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হবে। মন্ত্রিপরিষদ সভায় প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জানাজা ও দাফনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

আইন উপদেষ্টা জানান, সভায় বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করা হয়। তিনি বলেন, সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার দীর্ঘ সময় কথা হয়েছিল। সভায় আলোচনায় উঠে আসে—জাতির এই বিশেষ মুহূর্তে তার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ ছিল।

ড. আসিফ নজরুল বলেন, “বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে বেগম খালেদা জিয়ার অবস্থান অক্ষয় ও অবিনশ্বর হয়ে থাকবে।” তিনি জানাজার নামাজ শান্ত, শৃঙ্খলাপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে আদায়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি আরও জানান, সভায় আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের প্রস্তাব গৃহীত হয়েছে এবং বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের সব দূতাবাসে শোক বই খোলার সিদ্ধান্তও হয়েছে। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশগ্রহণ করেন।

আইন উপদেষ্টা বলেন, বিএনপির পক্ষ থেকে জানাজার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে। তিনি জানান, আগামীকাল বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে বলে প্রধান উপদেষ্টা জানিয়েছেন।