প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার পর দ্রুত নির্বাচনের আয়োজন করা জরুরি। তিনি দাবি করেছেন, বর্তমান সরকারের অস্থির পরিস্থিতি মোকাবিলায় নির্বাচিত সরকারের প্রয়োজন, যাদের জনগণের ম্যান্ডেট থাকবে এবং যারা আরও আত্মবিশ্বাসের সঙ্গে দেশের সমস্যা সমাধান করতে পারবে।

মির্জা ফখরুল এসব কথা বলেছেন মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গ্রন্থ আড্ডা’ শীর্ষক অনুষ্ঠানে। তিনি আরও বলেন, “আমি জানি না, আমার বিশ্বাস ভুল কি না—যেকোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো।”

তিনি উল্লেখ করেন, “এখনই নির্বাচন করতে হবে না, তবে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করা হলে নির্বাচন আয়োজন করলে সমস্যা অনেকটা সমাধান হবে।”

ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে দ্রুততার দাবি জানালেও সরকারকে ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি বলেন, “এই মুহূর্তে আমরা সব পাল্টে দেব, এমন কিছু করতে চাই না যাতে নৈরাজ্য সৃষ্টি হয়। আমাদের ধাপে ধাপে যেতে হবে, যাতে কোনো বিপদ না ডেকে আনি।”

এ সময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, “এ সরকার অনেক ভুলত্রুটি করছে। তবে তাদেরও সময় দেওয়া উচিত, কারণ তারা রাজনীতি বোঝে না।”

এছাড়া, সরকার এবং দেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “সরকারের সমালোচনায় এই দেশের, সমাজের কোনো লাভ হবে না।”

প্রসঙ্গত, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, পলিসি গবেষক মাহাদী আমিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, শিক্ষানুরাগী আফরোজা খানম রীতা, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, শিক্ষক নেতা জাকির হোসেন প্রমুখ।