অনলাইন ডেস্ক:
বিপদ যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেতা সাইফ আলী খানের। শিগগিরই মধ্যপ্রদেশ সরকার ‘শত্রু সম্পত্তি আইন’-এর অধীনে অভিনেতার পারিবারিক সম্পত্তি দখল নিতে পারে, যার আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার কোটি টাকা। ভারতীয় গণমাধ্যমের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৫ সাল থেকে ভোপাল হাই কোর্ট এই সম্পত্তির উপর দখল নেওয়ার সিদ্ধান্ত স্থগিত রেখেছিল। তবে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর হাই কোর্ট সাইফের আবেদন খারিজ করে দিয়ে স্থগিতাদেশ তুলে নিয়েছে, ফলে এখন আর মধ্যপ্রদেশ সরকারের জন্য কোনও আইনি বাধা রইল না।
ভোপালের কোহেফিজা থেকে চিকলোড় পর্যন্ত বিস্তৃত সাইফের এই সম্পত্তির বাজার মূল্য ১৫ হাজার কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। সাইফ আলী খান হচ্ছেন ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের প্রপৌত্র। হামিদুল্লাহর কন্যা আবিদা সুলতান ১৯৫০ সালে পাকিস্তানে চলে যান এবং এরপর থেকেই পতৌদির পরিবার এই সম্পত্তির মালিক ছিল। ১৯৪৭ সালের দেশভাগের পর পাকিস্তান ও চীনে চলে যাওয়া ভারতীয়দের জমি এবং বাড়ি এখনও ভারতে রয়ে গেছে এবং এগুলোকে ‘শত্রু সম্পত্তি’ হিসেবে চিহ্নিত করা হয়। এর মানে হল যে, তাদের বংশধরদের ওই সম্পত্তিতে আর কোনও অধিকার থাকবে না এবং সরকার সেগুলো বাজেয়াপ্ত করে বিক্রি করতে পারবে।
এদিকে, মঙ্গলবারই হাসপাতালে চিকিৎসাধীন থেকে সাইফ আলী খান বাড়ি ফিরেছেন। এখন তার এবং তার পরিবারের জন্য নতুন এই আইনি জটিলতা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।











