রাজনীতি করলে উপদেষ্টারা সরকার থেকে বের হয়ে করবেন: আসিফ

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেছেন, যদি উপদেষ্টারা রাজনীতি করতে চান, তবে তাদের সরকার থেকে বের হয়ে তা করতে হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোরও সরকারের কাজের মধ্যে হস্তক্ষেপ করা অনুচিত এবং বিভিন্ন সরকারি ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে তদবির বা চাপ প্রয়োগ করা উচিত নয়।

আজ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন আসিফ মাহমুদ সজীব। তিনি বলেন, “সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে। একই সঙ্গে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত।”

এছাড়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকার প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ ইসলাম ফেসবুকে প্রতিক্রিয়া জানানোর পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও তার এ স্ট্যাটাসটি দেন।