খোলাবাজার থেকে দুই ট্রাক বিনামূল্যের পাঠ্যবই জব্দ

অনলাইন ডেস্ক:

নতুন বছরের প্রথম মাস পেরিয়ে গেলেও দেশের সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছায়নি। এ সংকটের মধ্যেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) খোলাবাজার থেকে প্রায় ১০ হাজার বিনামূল্যের পাঠ্যবই জব্দ করেছে। বুধবার বিকালে রাজধানীর সূত্রাপুরের বাংলা বাজার ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউন থেকে এসব বই উদ্ধার করা হয়। জব্দ করা বইয়ের বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, একটি চক্র বিভিন্ন গোডাউনে সরকারি পাঠ্যবই মজুদ করে বিক্রির উদ্দেশ্যে রেখেছিল। এই চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ট্রাক বই জব্দ করা হয়েছে, যার মধ্যে প্রায় ১০ হাজার বই রয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সিরাজুল ইসলাম উজ্জ্বল (৫৫) এবং দেলোয়ার হোসেন (৫৬)। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং আরও বেশ কয়েকটি চক্রের তথ্য পাওয়া গেছে, যাদের গ্রেপ্তারের জন্য ডিবি তৎপর রয়েছে।

মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, “বই পরিবহনের জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা অতিরিক্ত বই নিয়ে এসে খোলাবাজারে বিক্রি করছিল। এসব বইগুলি বিভিন্ন প্রেসে ছাপানো হয়েছে এবং তদন্ত চলছে যাতে এর সাথে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত কিনা তা নিশ্চিত করা যায়।”

তিনি আরও বলেন, “বইগুলো ঢাকার বাংলাবাজারসহ কয়েকটি প্রেসে ছাপানো হয়েছিল এবং এতে এনসিটিবি বা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সংশ্লিষ্টতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়া, সিরাজুল ইসলাম সম্পর্কে ডিবি জানায়, তিনি ১০ বছর আগে একই অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। এবার তার গোডাউন থেকেই এসব বই উদ্ধার করা হয়েছে, যেখানে তিনি বইগুলো ১০-১২ টাকার পরিবর্তে ৮০-৮৫ টাকায় বিক্রি করছিলেন।

গত বছরের ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার রেওয়াজ ছিল, কিন্তু ক্ষমতার পালাবদলের পর তা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। নতুন বছরে ৪১ কোটি বইয়ের মধ্যে ১০ কোটি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর কথা বলেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বাকি বই ৩০ জানুয়ারির মধ্যে পৌঁছানোর আশা করা হচ্ছে।