অনলাইন ডেস্ক:
সাম্প্রতিক সময়ে ভারতের রাজনীতিতে তারকাদের প্রবেশ নতুন কিছু নয়। নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর প্রচারণায়, ভোট চাওয়ার কাজে, কিংবা প্রোমোশনাল অনুষ্ঠানে প্রায়ই দেখা যায় তাদের। কেউ কেউ তো সরাসরি ভোটের মাঠেও প্রার্থী হন। এবার এ নিয়ে জল্পনা শুরু হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তের রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে। তাহলে কি তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন?
গত লোকসভা নির্বাচনে হুগলি সংসদকেন্দ্রে লড়াই করেছিলেন অভিনেত্রী রচনা। তার বিপরীতে ছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। ভোটে প্রতিদ্বন্দ্বী নেত্রী লকেটকে হারিয়ে জয়ী হয়েছিলেন রচনা। আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এ পরিস্থিতিতে, ঋতুপর্ণা কি এবার রাজনীতিতে নামবেন?
এই প্রশ্নের উত্তরে, ঋতুপর্ণা স্পষ্টভাবে জানিয়েছেন, “আমি রাজনীতির কিছু বুঝি না। তাই রাজনীতি থেকে দূরে আছি। আমি একজন শিল্পী, এবং শিল্পী হিসেবেই থাকতে চাই।” তবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি তাকে কখনো রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব দেন, সে বিষয়ে তিনি বলেন, “তখন আমি মুখ্যমন্ত্রীকেই এ বিষয় নিয়ে কথা বলব।”
এই কথা গুলো তিনি চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে অনুষ্ঠিত চুঁচুড়া উৎসবে অতিথি হিসেবে গিয়ে বলেন। সেখানে তিনি এসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।
এতদিন তারকাদের রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে নানা ধারণা থাকলেও, ঋতুপর্ণার উত্তর স্পষ্ট – তিনি রাজনীতি থেকে দূরে থাকতে চান এবং শিল্পী হিসেবেই কাজ চালিয়ে যেতে চান।











