১৭ বছরে সর্বোচ্চ সুদের হার বাড়ালো জাপান

অনলাইন ডেস্ক:

জাপানের কেন্দ্রীয় ব্যাংক (বিওজে) চলতি বছরে তৃতীয়বারের মতো সুদের হার বৃদ্ধি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নীতি সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়েছে, যা গত ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পর এটি ছিল সর্বোচ্চ সুদের হার বৃদ্ধি।

বিওজে জানিয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতির পূর্বাভাস পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকের বোর্ড সদস্যরা ৮-১ ভোটে এই সিদ্ধান্ত গৃহীত করেন, তবে বোর্ড সদস্য তোয়োআকি নাকামুরা এর বিপক্ষে ভোট দেন। বিওজের মতে, মুদ্রাস্ফীতি ২ শতাংশ লক্ষ্যমাত্রার দিকে এগোচ্ছে এবং আন্তর্জাতিক অর্থবাজার সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। ২০২৫ অর্থবছরে মূল ভোক্তা মূল্যস্ফীতি ২.৪ শতাংশে পৌঁছাতে পারে, যা পূর্ববর্তী ১.৯ শতাংশ পূর্বাভাস থেকে বেশি। একই সময়ে, দেশটির অর্থনীতি ১.১ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করবে বলে আশা করা হচ্ছে।

সুদের হার বৃদ্ধির পর জাপানি ইয়েন মার্কিন ডলারের বিপরীতে শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১৫৫.৩২ ইয়েনে পৌঁছেছে। পাশাপাশি, দুই বছরের জাপানি সরকারি বন্ডের (জিজিবি) মুনাফা বেড়ে ০.৭০৫ শতাংশে পৌঁছেছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।

বিওজে গভর্নর কাজুও উয়েদা এক সংবাদ সম্মেলনে জানান, সুদের হার বৃদ্ধির গতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করা হবে। তবে, চীনের অর্থনৈতিক মন্দা এবং বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ বিবেচনায় নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্লেষকরা মনে করছেন, বছরের শেষ নাগাদ আরও ০.২৫ শতাংশ সুদের হার বাড়ানো হতে পারে।