অনলাইন ডেস্ক:
সাতক্ষীরার তালা উপজেলার সুজন শাহ গ্রামে এক খড় গাদার মধ্যে সদ্য নবজাতক একটি শিশুকন্যা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে মাহাবুবুর রহমানের বাড়ির পাশের খড় গাদার ওপর থেকে শিশুটি উদ্ধার করা হয়। শিশুটি বর্তমানে সুস্থ অবস্থায় মাহাবুবুর রহমানের পরিবারের কাছে রয়েছে এবং তাদের আদরে আছে। তবে শিশুটির প্রকৃত অভিভাবক সম্পর্কে এলাকায় নানা গুজব ছড়াচ্ছে।
ইসলামকাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো. খোশরুল আলম জানান, শুক্রবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা শিশুটিকে মাহাবুবুর রহমানের বাড়ির পাশে খড় গাদার ওপর রেখে চলে যায়। এশার নামাজের পর শিশুটির কান্নার শব্দ শুনে স্থানীয়রা তাকে দেখতে পায়। পরে ওই পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে আসে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল জানান, “শিশুটি বর্তমানে শেখ মোস্তফার কাছে রয়েছে এবং তারা তাকে দেখভাল করছেন। যদি কেউ শিশুটিকে দত্তক নিতে চান, তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করা হবে।”
এদিকে, শিশুটির প্রকৃত অভিভাবক সম্পর্কে কোনো তথ্য পাওয়া না যাওয়ায় এলাকাবাসীর মধ্যে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে।











