অনলাইন ডেস্ক:
কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের হাফসরদিয়া গ্রামে ভূয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রয়াত পল্লী চিকিৎসক জীবন কুমার দাস উরুফে গুসাইয়ের সহকারী মো. আনোয়ার হোসেন পল্লী চিকিৎসক না হয়েও অবাধে রোগী দেখছেন এবং রোগীদের নাম ও নামে ঔষধ দিচ্ছেন। এলাকাবাসী এই ধরনের ভূয়া চিকিৎসা প্রদানের অভিযোগ করেছেন, যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
প্রয়াত পল্লী চিকিৎসক জীবন কুমার দাস ২৯ বছর আগে চট্টগ্রামে দর্জির কাজ করতেন এবং পরে নিকলীর গুরই আখড়ায় কিছু সময় সন্যাসি হিসেবে কাজ করেন। পরবর্তীতে তিনি ডিএ.এম.এস (মোমেনশাহী, রেজি নং-০১৬৭) এবং ডি.এম.এফ (ঢাকা, রেজি নং-১৫১৭) সার্টিফিকেট নিয়ে প্রায় এক যুগ চিকিৎসা সেবায় নিয়োজিত হন। তবে তার সহকারী মো. আনোয়ার হোসেন নিজেই কোনো মেডিকেল শিক্ষা গ্রহণ করেননি এবং কোন কলেজে পড়াশোনা করেছেন সে বিষয়ে কোনো সঠিক তথ্য দিতে পারেননি।
একদল সংবাদকর্মী আনোয়ার হোসেনকে এ বিষয়ে প্রশ্ন করলে, তিনি জানান যে তিনি প্রয়াত জীবন কুমার দাসের সহকারী হিসেবে কাজ করেছেন, তবে তার শিক্ষা এবং ইন্টার্নি বিষয়ক কোনো সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে পারেননি।
নিকলী উপজেলা পঃপঃ ও স্বাস্থ্য কর্মকর্তা সজিব ঘোষ জানিয়েছেন, এ বিষয়ে তিনি দ্রুত পদক্ষেপ নেবেন এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এলাকাবাসী দাবি করছেন, ভূয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক, যাতে জনস্বাস্থ্য রক্ষা করা সম্ভব হয়।











