নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রবিবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। একইসঙ্গে, নদভীকে ভাঙচুর ও বিস্ফোরক আইনের আরেক মামলায় পুলিশ আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার দেখায় আদালত।
এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে সাবেক এমপি আবু রেজা নদভীকে আদালতে হাজির করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রসিকিউশন শাখার উপ-কমিশনার (ডিসি) এ. এ. এম হুমায়ুন কবীর জানান, চান্দগাঁও থানার দুটি হত্যা মামলায় নদভীকে জিজ্ঞাসাবাদের জন্য একটিতে ৭ দিন এবং আরেকটিতে ৫ দিন রিমান্ড আবেদন করা হয়। এছাড়া, ডবলমুরিং থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় দুদিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ গত বছরের ১৫ ডিসেম্বর রাজধানী ঢাকার উত্তরা এলাকা থেকে আবু রেজা নদভীকে গ্রেপ্তার করে। রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাকে চট্টগ্রাম জেলা ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।











