সাবেক র‍্যাব ডিজি হারুন উর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক:

জুলাই-আগস্টে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক র‍্যাব ডিজি হারুন উর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার (২৬ জানুয়ারি) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এই আদেশ দেন।

হারুন উর রশিদের বিরুদ্ধে অভিযোগ, তিনি র‍্যাবের ডিজি হিসেবে ২০২২ সালে আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দেন এবং নির্বিচারে হত্যাকাণ্ড ঘটান। প্রসিকিউশন জানায়, তাদের তদন্তে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, যার ভিত্তিতে সাবেক র‍্যাব ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আদালত ওই আবেদন মঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এছাড়া, আশুলিয়ায় ৬ জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার এসআই মালেক ও কনস্টেবল মুকুলের বিষয়ে তদন্ত সংস্থাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। তারা উভয়ে ঘটনাটির সাথে জড়িত ছিলেন। আদালত তাদের একদিন করে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। এসআই মালেককে ৩০ জানুয়ারি এবং কনস্টেবল মুকুলকে ২৮ জানুয়ারি জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে।

ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, “হেলিকপ্টার থেকে গুলি চালানোর প্রমাণ আমাদের তদন্ত সংস্থা পেয়েছে। হারুন উর রশিদ তার অধীনস্থ কর্মকর্তাদের দিয়ে এইসব ঘটনা বাস্তবায়ন করেছেন।” তিনি আরও বলেন, “হারুন উর রশিদের বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ রয়েছে এবং তিনি এসব অপরাধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।”

তিনি জানান, বর্তমানে তদন্ত চলছে এবং হারুন উর রশিদের অধীনস্থ কর্মকর্তাদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।

এদিকে, ট্রাইব্যুনাল এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যার মধ্যে বেশিরভাগই পুলিশ বাহিনীর সদস্য এবং কিছু বেসামরিক ব্যক্তি রয়েছে।

পরবর্তী শুনানি আগামী ২৩ মার্চ নির্ধারিত হয়েছে।