কর্মবিরতির হুমকিতে আজ রাত থেকে রেল চলাচল অনিশ্চিত, দুর্ভোগে যাত্রীরা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

রেলওয়ের রানিং স্টাফদের ডাকা কর্মবিরতির কারণে সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হতে পারে। রানিং স্টাফদের পেনশন ও আনুতোষিক সুবিধায় মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করার দাবিতে দীর্ঘদিনের জটিলতার সমাধান না হওয়ায় তারা এই কর্মসূচি ঘোষণা করেছেন।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি জানিয়েছে, ২৮ জানুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিট থেকে তারা ট্রেন চালানো বন্ধ রাখবেন। তাদের দাবি, অর্থ মন্ত্রণালয়কে বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট চিঠি দিতে হবে। শুধু রেলপথ মন্ত্রণালয়ের চিঠি দিয়ে সমস্যার সমাধান হবে না।

রানিং স্টাফদের অভিযোগ, প্রায় ১৬০ বছর ধরে পেনশন ও আনুতোষিক সুবিধায় মাইলেজ যুক্ত থাকার নিয়ম ছিল। কিন্তু ২০২০ সালে মাইলেজকে ট্রাভেল অ্যালাউন্স (টিএ) হিসেবে স্থানান্তর করা হয়, যা তাদের জন্য আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে ২০২১ সালে অর্থ মন্ত্রণালয়ের আপত্তির মুখে তারা আন্দোলনে নামেন।

কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ হলে যাত্রীদের ব্যাপক দুর্ভোগে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষত, যারা কক্সবাজার, রাজশাহী ও চট্টগ্রামসহ বিভিন্ন রুটের জন্য অগ্রিম টিকিট কিনেছেন এবং হোটেল বুকিং দিয়েছেন, তারা অনিশ্চয়তায় রয়েছেন।

এক যাত্রী সহিদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে প্রশ্ন তুলেছেন, “২৮ তারিখ যারা অগ্রিম টিকিট কেটেছেন, তারা কী করবেন?” আরেকজন যাত্রী মিনহাজুর রহমান জানান, “আমরা কক্সবাজার যাওয়ার জন্য অগ্রিম টিকিট ও হোটেল বুকিং দিয়েছি। এখন ট্রেন বন্ধ হলে কী করব, বুঝতে পারছি না।”

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, রানিং স্টাফদের দাবিগুলো নিয়ে আলোচনা চলছে। সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, “আমরা চাই, তারা কর্মবিরতিতে না যান। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।” তবে রানিং স্টাফরা জানিয়েছে, এবার তারা লিখিত নির্দেশনা ছাড়া কর্মসূচি প্রত্যাহার করবে না।

এর আগেও ২০২২ সালের ৪ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের চিঠির জেরে রানিং স্টাফরা কর্মবিরতিতে গেলে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে অর্থ মন্ত্রণালয়ের চিঠি প্রত্যাহারের পর তারা কর্মসূচি স্থগিত করেন।

রানিং স্টাফদের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, “আমরা বহুবার সময় দিয়েছি এবং আন্দোলন স্থগিত করেছি। কিন্তু এবার আর কোনো সুযোগ নেই। ২৭ জানুয়ারি মধ্যরাত থেকে ট্রেন চালানো বন্ধ থাকবে।”

এখন সবাই অপেক্ষা করছে অর্থ মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের দিকে। শেষ মুহূর্তে যদি কোনো সমঝোতা না হয়, তবে মধ্যরাত থেকেই দেশের রেল চলাচল বন্ধ হওয়ার শঙ্কা রয়েছে।