অনলাইন ডেস্ক :
সম্প্রতি প্রাণনাশের হুমকি পেয়েছেন ভারতের জনপ্রিয় নৃত্য পরিচালক রেমো ডি সুজা। পাকিস্তান থেকে ইমেইলের মাধ্যমে এই হুমকি পাঠানো হয়, তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। এই পরিস্থিতির মধ্যে রেমো মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেখানে কালো বস্ত্রে ধ্যান করেন। হুমকির পর রেমোর এই পদক্ষেপ অনেকেই তাৎপর্যপূর্ণ মনে করেছেন।
মহাকুম্ভে যাওয়ার আগে রেমো নিজের মুখ কালো চাদরে ঢাকা রেখে সেখানে উপস্থিত হন। সেই মুহূর্তের কিছু ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি, যেখানে তাকে নদীতে ডুব দিতে এবং হাত জোড় করে সূর্যপ্রণাম করতে দেখা যায়। পাকিস্তান থেকে হুমকি আসার পর, তার অনুরাগীরা রেমোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এই হুমকির বার্তায় বলা হয়েছিল, “নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষয়টিকে হালকা ভাবে নেবেন না। আমরা আপনাদের রোজকার জীবনযাপনের ওপর নজর রাখছি।” শুধু রেমো ডি সুজা নয়, কপিল শর্মা এবং রাজপাল যাদবকেও একই ধরনের হুমকি পাঠানো হয়েছে। তবে, এ পর্যন্ত কেউই এই হুমকির ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
রেমো ডি সুজার কাছে আসা এই হুমকির পর, সম্প্রতি সাইফ আলি খানের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে বলিউডে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।











