অনলাইন ডেস্ক :
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে ইরানের প্রভাব বিস্তারের চেষ্টাকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইরান এই জলপথ দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর এক ধরণের ‘টোল’ বা মাশুল আদায়ের যে প্রচেষ্টা শুরু করেছে, তাকে ট্রাম্প একটি অবৈধ ‘টোল বুথ’ ব্যবস্থার সাথে তুলনা করেছেন। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, “ওয়াশিংটন কখনোই এই ধরনের জবরদস্তিমূলক ব্যবস্থা মেনে নেবে না।”
হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই প্রণালীটি বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের জন্য উন্মুক্ত থাকা অত্যাবশ্যক। ইরান যদি গায়ের জোরে আন্তর্জাতিক নৌ-সীমানায় নিজেদের নিয়ম চাপিয়ে দিতে চায়, তবে যুক্তরাষ্ট্র তার সমুচিত জবাব দিতে দ্বিধা করবে না। উল্লেখ্য যে, বর্তমানে পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে ইরানের সাথে উচ্চপর্যায়ের আলোচনা চললেও, এই ‘টোল ব্যবস্থা’ ইস্যুতে ট্রাম্পের কঠোর মনোভাব আলোচনার টেবিলে নতুন করে উত্তাপ বাড়াতে পারে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন কেবল আলোচনার মাধ্যমেই নয়, বরং সামরিক ও অর্থনৈতিক চাপের মুখে রেখে ইরানকে আন্তর্জাতিক নিয়ম মানতে বাধ্য করতে চায়। হরমুজ প্রণালীর এই অস্থিরতা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি করেছে।











