সালমান এফ রহমানসহ ১০ জনকে নতুন মামলায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১০ জনকে নতুন মামলায় গ্রেপ্তার করেছে আদালত। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদের সভাপতি ও সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কাস পার্টি সভাপতি ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ৭১ টিভির সাবেক সাংবাদিক সাকিল আহমেদ, ফারজানা রুপা, দেশটিভির ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফ হাসান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এবং সহকারী পুলিশ সুপার ইফতেখার মাহমুদ।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তাদের গ্রেপ্তার দেখান গতকাল সোমবার। সংশ্লিষ্ট থানার মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত সেটি মঞ্জুর করেন।

রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারজানা রুপা ও সাকিল আহমেদকে মিরপুর থানার গোল চত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার দুই মামলায় সালমান এফ রহমানকে এবং তিন মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক কুমার দাশ হত্যাচেষ্টা মামলায় আরিফ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রাবাড়ী থানার তিন ও সূত্রাপুর থানার এক মামলায় আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, যাত্রাবাড়ী থানার এক মামলায় জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। কাফরুল থানার মামলায় ইফতেখার মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।