মেহেরপুরে হাঁটতে বের হয়ে গুলিবিদ্ধ বিএনপি নেতা, আশঙ্কাজনক অবস্থা

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে ভোরের নীরবতা ভেঙে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন বিএনপি নেতা মুকুল হোসেন। সোমবার (২০ এপ্রিল) ভোর প্রায় ৫টার দিকে কাথুলি সড়কে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়। গুরুতর অবস্থায় প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন মুকুল হোসেন। সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড়ে পৌঁছালে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রাণ বাঁচাতে দৌড়ানোর চেষ্টা করলেও পরপর গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, তার বুকে, পিঠ ও হাতে একাধিক গুলি লাগে।

 

মুকুল হোসেন সাহারবাটি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি। এলাকাবাসীর দাবি, এর আগেও তাকে লক্ষ্য করে দুই দফা বোমা হামলার ঘটনা ঘটেছিল, যা নিয়ে এলাকায় আগে থেকেই উত্তেজনা ছিল।

 

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, “ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।”

 

চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা গুরুতর। দ্রুত উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে।

 

স্থানীয়দের মতে, রাজনৈতিক বিরোধ বা পূর্ব শত্রুতার জেরেই এ হামলা হয়ে থাকতে পারে। তবে পুলিশ এখনই কোনো কারণ নিশ্চিত করছে না। তারা বলছে, তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।