পদ্মায় টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক:

পদ্মা নদীতে নিয়মিত টহল দেওয়ার সময় নৌ পুলিশের একটি দলের ওপর অতর্কিত হামলা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে কুষ্টিয়ার হরিপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির একটি দল টহল ডিউটিতে পদ্মা নদীর ওই অংশে পৌঁছালে হঠাৎ সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

 

হামলার সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলামসহ পাঁচজন সদস্য গুলিবিদ্ধ হন। আহত অন্যরা হলেন ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া।

 

আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান বলেন, “ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

 

এই হামলার ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলবে।