সিমেন্টবোঝাই ট্রাক উল্টে গাজীপুরে ৪ কিমি যানজট

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় কয়েক ঘণ্টা ধরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং দূরপাল্লার পরিবহন যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। যানজট ছড়িয়ে পড়ে প্রায় ৪ কিলোমিটার এলাকায়।

 

বুধবার (২২ এপ্রিল) ভোর ৫টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক সড়কের ওপর উল্টে গেলে মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে সিমেন্টবোঝাই ট্রাকটি পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে। এতে ব্যস্ত এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে দীর্ঘ সারিতে যানজট বাড়তে থাকে এবং চার কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। অনেক যাত্রীকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

 

দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে আটকে থাকা যানবাহনের কারণে মানুষের ভোগান্তি আরও বেড়ে যায়। প্রায় চার ঘণ্টা ধরে সড়কে স্থবিরতা তৈরি হয়, যা স্থানীয়দের পাশাপাশি দূরপাল্লার যাত্রীদের জন্যও বড় দুর্ভোগ ডেকে আনে।

 

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাউগাতুল আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রাকে থাকা সিমেন্টের বস্তাগুলো সরানোর কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হবে।”