শিরোপা দৌড়ে টিকে থাকতে আক্রমণাত্মক মানসিকতায় ফিরতে হবে আর্সেনালকে

অনলাইন ডেস্ক:

প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে আর কোনো হিসাব-নিকাশে না গিয়ে আর্সেনালকে পূর্ণ আক্রমণাত্মক হতে হবে বলে মত দিচ্ছেন বিশ্লেষকেরা। ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিলে এগিয়ে থাকলেও ব্যবধান একেবারে অল্প, আর হাতে থাকা ম্যাচগুলোতে সুযোগ কাজে লাগাতে না পারলে শিরোপা আবারও হারাতে হতে পারে মিকেল আর্তেতার দলের।

 

ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক পারফরম্যান্সও এই লড়াইকে আরও জটিল করে তুলেছে। বার্নলির বিপক্ষে কষ্টের ১-০ জয় পেলেও সুযোগ নষ্টের কারণে বড় ব্যবধান গড়ে তুলতে পারেনি পেপ গার্দিওলার দল। অন্যদিকে আর্সেনালও টানা কিছু ফল হারিয়ে চাপের মধ্যে রয়েছে, যেখানে আগে তারা ১০ পয়েন্টে এগিয়ে ছিল।

 

এই পরিস্থিতিতে আর্সেনাল মিডফিল্ডার ডেকলান রাইস সতীর্থদের মনে করিয়ে দেন, “এটা শেষ হয়নি।” তার এই মন্তব্যই এখন শিরোপা দৌড়ের বাস্তবতা তুলে ধরছে। কারণ সিটির জয়ের পরও গোল ব্যবধানের দিক থেকে দুই দলের অবস্থান প্রায় সমান, যা লড়াইকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

 

তবে সমস্যা হলো আর্সেনালের সাম্প্রতিক পারফরম্যান্স। ব্যাক টু ব্যাক লিগ হার, কারাবাও কাপ ফাইনালে হার এবং এফএ কাপ থেকে অপ্রত্যাশিত বিদায়ের পর দলটির মানসিক শক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে, মিকেল আর্তেতার দল বড় ম্যাচে বারবার “১-০ জয় ধরে রাখার কৌশল” নিয়েই খেলছে, যা এখন আর যথেষ্ট নয়।

 

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিই আর্সেনালের জন্য সুযোগও তৈরি করছে। কারণ এখন আর হিসাব করে খেলার সময় নেই। সামনে থাকা ম্যাচগুলোতে নিউক্যাসল ও ফুলহামের মতো দলকে হারিয়ে শুধু পয়েন্ট নয়, গোল ব্যবধানও বাড়ানোর সুযোগ আছে।

 

ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, এই দুটি ম্যাচই আর্সেনালের ভাগ্য বদলে দিতে পারে। নিউক্যাসল সাম্প্রতিক সময়ে দুর্বল ফর্মে আছে, আর ফুলহামও রক্ষণে বেশ ভুগছে। ফলে ঘরের মাঠ এমিরেটসে আক্রমণাত্মক ফুটবল খেললে বড় জয়ের সম্ভাবনা তৈরি হতে পারে।

 

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, আর্সেনাল কি সত্যিই সেই সাহসী মানসিকতা নিয়ে খেলতে পারবে, নাকি আবারও নিয়ন্ত্রিত ও রক্ষণাত্মক ফুটবলে ফিরে যাবে। শিরোপা দৌড় যতই এগোচ্ছে, চাপ ততই বাড়ছে আর্তেতার দলের ওপর।

 

ইংলিশ গণমাধ্যমগুলো বলছে, এই পর্যায়ে এসে আর্সেনালের সামনে আর কোনো বিকল্প নেই, শুধু আক্রমণই হতে পারে তাদের একমাত্র উত্তর।