অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর নীতিতে কান্নায় ভেঙে পড়লেন সেলেনা

অনলাইন ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান শুরু হলে সেলেনা গোমেজ এক আবেগঘন ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তাকে অঝোরে কাঁদতে দেখা যায়। সেলেনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেন, “সবাইকে বলতে চাই, আমি খুবই দুঃখিত।”

ভিডিওতে তিনি বলেন, “অনেকে হামলার শিকার হচ্ছেন, শিশুরাও বাদ যাচ্ছে না। আমি বুঝতে পারছি না, কী হচ্ছে। আমি খুবই দুঃখিত। যদি আমি কিছু করতে পারতাম! কিন্তু সেটা সম্ভব নয়। আমি জানি না কী করব। তবে আমি প্রতিজ্ঞা করছি, যা সম্ভব তার সবকিছু করব।”

যদিও সমালোচনার পর ভিডিওটি মুছে ফেলেন সেলেনা, কিন্তু ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেলেনার পরিবার মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে এসেছিল এবং সেলেনা নিজেও মেক্সিকান বংশোদ্ভূত। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ১৯৭০ সালে তার ফুফু মেক্সিকোর সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন, এবং তার পিছু পিছু আসেন সেলেনার দাদা-দাদি। সেলেনার বাবা টেক্সাসে জন্মগ্রহণ করেন এবং সেলেনা ১৯৯২ সালে সেখানেই জন্ম নেন।