অটোচালক ও উপন্যাসিকের অপ্রত্যাশিত প্রেম, আসছে ‘পথের প্যাঁচাল’

অনলাইন ডেস্ক:

ভিন্ন দুই জগতের মানুষের সম্পর্কের গল্প নিয়ে দর্শকের সামনে আসছে নতুন ফ্ল্যাশ ফিকশন ‘পথের প্যাঁচাল’। অটোরিকশাচালক ও এক তরুণ উপন্যাসিকের অপ্রত্যাশিত সংযোগ ঘিরে নির্মিত এই কনটেন্টটি মুক্তি পাবে বুধবার (৬ মে) দিবাগত রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

গল্পের কেন্দ্রে রয়েছেন বায়েজিদ নামের এক অটোচালক এবং উমা নামের এক নবীন লেখক। দৈনন্দিন জীবনের ভিন্ন বাস্তবতায় থাকা এই দুই মানুষের হঠাৎ পরিচয়, কথোপকথন এবং ধীরে ধীরে তৈরি হওয়া সম্পর্কই গল্পের মূল আকর্ষণ। নির্মাতার মতে, এটি প্রচলিত প্রেমের গল্প নয়, বরং মানুষের অনুভূতি ও সংযোগের এক ভিন্ন ব্যাখ্যা।

 

এই ফ্ল্যাশ ফিকশনটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। তিনি জানান, “জীবনের পথে চলতে গিয়ে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যে অদ্ভুত সম্পর্ক তৈরি হয়, সেটাকেই নতুনভাবে দেখানোর চেষ্টা করেছি। এখানে সামাজিক বিভাজনের চেয়ে মানুষের অনুভূতির জায়গাটাই বেশি গুরুত্বপূর্ণ।”

 

‘পথের প্যাঁচাল’-এ বায়েজিদ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান এবং উমা চরিত্রে রয়েছেন বহ্নি হাসান। এছাড়া আরও অভিনয় করেছেন মনির হাসান খান শিমুল, অশোক বেপারী, প্রনব ঘোষ ও সানজিদা ইয়াসমিন স্নিগ্ধা। শিপ্রা দেবনাথের গল্প অবলম্বনে নির্মিত এই কনটেন্টটি প্রযোজনা করেছে আলফা-আই এবং চরকি।

 

নির্মাতা আরও জানান, নামের কারণে অনেকেই সত্যজিৎ রায়ের কালজয়ী কাজের সঙ্গে মিল খুঁজতে পারেন। তবে এই গল্প সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে তৈরি, যেখানে সম্পর্কের সূক্ষ্ম আবেগগুলোকে তুলে ধরা হয়েছে।

 

সংক্ষিপ্ত দৈর্ঘ্যের হলেও ‘পথের প্যাঁচাল’-এ জীবনের গভীর কিছু মুহূর্ত ফুটে উঠবে বলে মনে করছেন নির্মাতারা। বাস্তবতার ভেতর থেকে উঠে আসা এই গল্প দর্শকদের ভাবাবে, ছুঁয়ে যাবে এমনটাই প্রত্যাশা