পুনরায় পূর্ণাঙ্গ ভিসা সেবা চালুর পথে বাংলাদেশ-ভারত

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ কয়েক মাসের টানাপোড়েনের পর সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালুর পথে এগোচ্ছে বাংলাদেশ ও ভারত। কূটনৈতিক সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারত ধাপে ধাপে তার ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফর করেন। সফরে ভিসা স্বাভাবিককরণ ঢাকার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয় বলে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ কলকাতা, আগরতলা, মুম্বই ও চেন্নাইয়ের ভিসা কেন্দ্রগুলো পূর্ণাঙ্গভাবে চালু রয়েছে।দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘গত বছরের ডিসেম্বর মাসে সাময়িকভাবে বন্ধ হওয়া ভিসা কার্যক্রম ফেব্রুয়ারি থেকে পুনরায় চালু হয়েছে। এই সময়ে প্রায় ১৩ হাজার ভারতীয় নাগরিককে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ব্যবসা, পর্যটন, চিকিৎসা ও পারিবারিক ভ্রমণ।’

 

দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে গত ফেব্রুয়ারিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিসহ একটি প্রতিনিধিদল ঢাকা সফর করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেন।

 

২০২৪ সালের আগস্টে বাংলাদেশে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। এরপর বিএনপি ক্ষমতায় আসার পর দিল্লি-ঢাকা সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা শুরু হয়।ভিসা ব্যবস্থা স্বাভাবিক হলে দুই দেশ অর্থনৈতিক সম্পর্ক ও জ্বালানি সহযোগিতাসহ অন্যান্য খাতে সহযোগিতা বাড়ানোর দিকে মনোযোগ দেবে বলে আশা করা হচ্ছে।