ট্রেলারেই আটকে ‘আখরি সওয়াল’, মুক্তির আগে বিপাকে সঞ্জয় দত্তের নতুন ছবি

অনলাইন ডেস্ক:

সঞ্জয় দত্ত অভিনীত আসন্ন চলচ্চিত্র ‘আখরি সওয়াল’ মুক্তির আগেই জটিলতায় পড়েছে। ছবিটির ট্রেলার সেন্সর বোর্ডের অনুমোদন না পাওয়ায় নির্ধারিত সময়েও তা প্রকাশ করা যায়নি। ফলে মুক্তির মাত্র কয়েকদিন আগে পুরো প্রজেক্ট ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ট্রেলার মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। সংশ্লিষ্ট সূত্র বলছে, ট্রেলারটি এখনও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, সিবিএফসি এর ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। নির্মাতারা কয়েকদিন আগেই ট্রেলার জমা দিলেও এখনো কোনো চূড়ান্ত অনুমোদন মেলেনি।

জানা গেছে, সাধারণত ট্রেলার অনুমোদনের প্রক্রিয়া তিন কার্যদিবসের মধ্যেই সম্পন্ন হয়। তবে ‘আখরি সওয়াল’-এর ক্ষেত্রে সেই সময়সীমা পেরিয়ে গেলেও বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট কোনো মতামত দেওয়া হয়নি। এমনকি ট্রেলারটি দুবার সংশোধন করে পুনরায় জমা দেওয়া হলেও বিলম্ব কাটেনি। এতে করে নির্মাতারা এখনো ট্রেলার প্রকাশ করতে পারছেন না।

আগামী শুক্রবার (৮ মে) ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। তবে ট্রেলার আটকে যাওয়ায় সেই মুক্তি নিয়েও সংশয় তৈরি হয়েছে। কারণ, মুক্তির আগে ট্রেলার প্রচার চলচ্চিত্রের প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়।

অভিজিৎ মোহন ওয়ারং পরিচালিত ‘আখরি সওয়াল’ একটি কোর্টরুম ড্রামা। এতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আরএসএস এর শতবর্ষের ইতিহাস তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাবরি মসজিদ ধ্বংসের মতো সংবেদনশীল রাজনৈতিক বিষয়ও রয়েছে, যা সেন্সর জটিলতার অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চলচ্চিত্রটিতে সঞ্জয় দত্তের পাশাপাশি অভিনয় করেছেন নামাশি চক্রবর্তী, নীতু চন্দ্র, ত্রিধা চৌধুরী, মৃণাল কুলকার্নি ও সমীরা রেড্ডি। এরই মধ্যে সঞ্জয় দত্ত তার পরবর্তী প্রজেক্ট ‘খলনায়ক’ সিক্যুয়েল নিয়েও আলোচনায় রয়েছেন, যা ভক্তদের আগ্রহ আরও বাড়িয়েছে।