অনলাইন ডেস্ক:
ব্রাজিলের জাতীয় দলের অধিনায়ক দানিলো, ৫ বছরের বেশি সময় ধরে থাকা প্রিয় ক্লাব জুভেন্টাসের সঙ্গে সম্পর্ক চূড়ান্তভাবে শেষ করেছেন। ২০১৯ সালে ইতালিয়ান সিরিআর ক্লাবটির সঙ্গে চুক্তি করেন তিনি, কিন্তু এবার তিনি ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের বিদায়ের খবরটি ঘোষণা করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
দানিলো জানান, দু’পক্ষের সমঝোতার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি লেখেন, “প্রিয় বিয়ানকোনেরি, আমি কোথা থেকে শুরু করবো, সত্যিই বুঝতে পারছি না। আমি জানতাম, এই দিনটা একদিন আসবে। কিন্তু বিদায় জানানোর জন্য কেউই কখনো পুরোপুরি প্রস্তুত থাকে না। পাঁচ বছর ছয় মাস কেটে গেছে, কিন্তু আমার কাছে মনে হয় যেন পুরো একটা জীবন কেটেছে।”
জুভেন্টাসের হয়ে দানিলো ২১৩টি ম্যাচ খেলেছেন এবং ৯টি গোল করেছেন। ২০১৯-২০২০ মৌসুমে সিরিআর শিরোপা জেতানোর জন্য তার ভূমিকা ছিল অপরিসীম। এছাড়া, ক্লাবটির হয়ে দুটি ইতালিয়ান কাপ এবং একটি ইতালিয়ান সুপার কাপও জেতেন। সর্বশেষ, তিনি জুভেন্টাসের হয়ে ডিসেম্বরে ভেনেজিয়ার বিপক্ষে মাঠে নামেন।
দানিলো তার পোস্টে আরও লেখেন, “যা আমাকে কিছুটা গর্বের অনুভূতি দেয়, তা হলো আমি কখনো আমার নিজের থাকার ধরণ বদলাইনি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাবটিকে রক্ষার উপায়ও বদলাইনি।”
ভক্তদের উদ্দেশ্যে বিদায় জানানোর সময় তিনি বলেন, “সেসব মুহূর্তের জন্য ক্ষমা চাই, যখন হয়তো আপনাদের নিরাশ করেছি। তবে সেটা কখনোই প্রচেষ্টা, নিষ্ঠা বা কঠোর পরিশ্রমের অভাবে নয়…। সবকিছুর জন্য ধন্যবাদ। একজন অধিনায়কের পক্ষ থেকে আপনাদের জন্য এক মুঠো ভালোবাসা। বিদায়!”
দানিলো তার ক্যারিয়ার শুরু করেছিলেন রিয়াল মাদ্রিদে, পরে যোগ দেন ম্যানচেস্টার সিটি, এবং এরপর ২০১৯ সালে জুভেন্টাসে চলে আসেন।











