নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে হামলা, ধারালো অস্ত্রের আঘাতে আহত তিন সদস্য

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযানে গেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের ওপর আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে বোয়ালিয়া খাল এলাকায় এ হামলায় র‌্যাবের অন্তত তিন সদস্য আহত হন, যাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

 

প্রাথমিক তথ্য অনুযায়ী, র‌্যাব সদস্যরা তথ্য সংগ্রহ ও মাদকবিরোধী অভিযান পরিচালনার সময়ই হামলার শিকার হন। ঘটনাস্থল থেকে জানা যায়, কিছু দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতভাবে র‌্যাব সদস্যদের ওপর আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

ঘটনার পরপরই র‌্যাব-১১ এর একটি অতিরিক্ত দল ও পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। আহতদের মধ্যে মাহি ও ইব্রাহীম নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর আহত এসআই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

 

র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, “কীভাবে, কারা এই হামলা চালিয়েছে, তা বিস্তারিত পরে জানানো হবে।” একই সঙ্গে তিনি জানান, ঘটনাটির পর এলাকাজুড়ে অভিযান অব্যাহত রয়েছে।

 

নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, “ঘটনায় তিনজন র‌্যাব সদস্য আহত হয়েছেন। তবে অভিযানটি র‌্যাবের হওয়ায় বিস্তারিত তথ্য তাদের কাছ থেকেই জানা যাবে।” স্থানীয়দের দাবি, ঘটনাটি মাদকচক্র সংশ্লিষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও আইনশৃঙ্খলা বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।

 

ঘটনাস্থলে বিপুল সংখ্যক র‌্যাব সদস্য ও পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

 

এদিকে একই দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায়ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একাধিক ঘটনায় পুলিশের ওপর ধারাবাহিক হামলা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।