অনলাইন ডেস্ক:
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ শেখ মোমিনুল ইসলাম (মোমিন হুজুর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যু ঘটে গত সোমবার রাত ৭টার দিকে।
ঘটনাটি ঘটে রবিবার রাত ৯টার দিকে। জামায়াতের কর্মসূচি শেষ করে মোটরসাইকেলযোগে নিজ গ্রামে ফিরছিলেন মোমিন হুজুর। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল ইম্প্যাক্ট হাসপাতালের সামনে এক অন্ধকারে পড়ে থাকা শ্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বাকে সজোরে ধাক্কা মারে তার মোটরসাইকেল। এতে মোমিনসহ অপর আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
মোমিনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে, অবস্থার আরও খারাপ হলে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে শেষ পর্যন্ত তিনি মারা যান। অপর আহত সানিক হোসেন, যিনি গাংনী উপজেলার মালসাদাহ গ্রামের বাসিন্দা, বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় লাটাহাম্বার হেলপার সামছুলকে আটক করা হয়েছে এবং তাকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়। সামছুল মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
হাফেজ মোমিনের মৃত্যুতে শোক জানিয়েছেন মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দীন খান, মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুলসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা।











