অনলাইন ডেস্ক:
ময়মনসিংহ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর পোস্টার নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ময়মনসিংহ বিভাগে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সময় শিল্পকলা একাডেমির দেয়ালে বঙ্গবন্ধুর ছবিসংবলিত পোস্টার দেখতে পান সাংবাদিকরা, যা নিয়ে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনায় উত্তেজিত সাংবাদিকরা অভিযোগ করেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনাসহ অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে এখনও তাদের দোসররা প্রশাসনে রয়ে গেছে।” তারা জানান, প্রশাসনেও সংস্কার প্রয়োজন, পাশাপাশি গণমাধ্যম সংস্কারও জরুরি।
এদিকে, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি জামালপুর জেলা থেকে সম্প্রতি ময়মনসিংহ জেলায় বদলি হয়ে এসেছেন এবং এখন পর্যন্ত অডিটোরিয়ামে যাননি, তাই পোস্টারগুলো তার নজরে আসেনি। জেলা প্রশাসনের ফোন পেয়ে তিনি তাড়াহুড়া করে পোস্টারগুলো নামিয়ে ফেলেছেন।
অপরদিকে, সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল হোসেন, সদস্য আক্তার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ বিভাগের চার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন এবং নানা ধরনের সুপারিশ ও পরামর্শ উপস্থাপন করেন। কমিশনের সদস্যরা তাদের উপস্থাপিত সুপারিশমালা বিবেচনা করে গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানান।











