হবিগঞ্জে সৌদি প্রবাসী দীপু হত্যা মামলায় ৩৭ জন কারাগারে

অনলাইন ডেস্ক:

হবিগঞ্জে সৌদি প্রবাসী কাজী দীপু (৩৬) হত্যার ঘটনায় ৩৭ জন আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে, বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন এ আদেশ দেন।

মামলার বিবরণী অনুযায়ী, গত বুধবার বিকেলে সদর উপজেলার কালনী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে সৌদি প্রবাসী দীপু নিহত হন। এ সময় আরও অন্তত ১৫ জন আহত হন। নিহত দীপুর ভাই সজলু মিয়া বাদী হয়ে শনিবার রাতে সদর মডেল থানায় ৬০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এই মামলার ৩৭ আসামি গতকাল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে, হত্যার মামলার কারণে নিম্ন আদালতে জামিনের কোনো সুযোগ নেই বলে জানান সহকারী সরকারি কৌঁসুলি ফাতেমা ইয়াসমিন। তিনি বলেন, আসামিদের অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, যার কারণে আদালত তাদের জামিন নামঞ্জর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।