অনলাইন ডেস্ক:
রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক অবস্থান কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা সরকারের কাছে একাধিক দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১২টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে তারা তাদের দাবির মধ্যে অন্তর্ভুক্ত করেন শহীদ পরিবারগুলোর জন্য এককালীন এক কোটি টাকা এবং আহতদের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি।
কর্মসূচির অংশ হিসেবে আহত ও শহীদ পরিবারের সদস্যরা সরকারের কাছে দাবী জানান, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, আহত ও নিহতদের জন্য রাষ্ট্রীয় খরচে দেশে-বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করা, এবং প্রয়োজনে আজীবন চিকিৎসার খরচ বহন করারও দাবি করা হয়। তারা আরও বলেন, নিহতদের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং শহীদ ও আহত পরিবারের নিরাপত্তার জন্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
কর্মসূচির মুখপাত্র আমিনুল ইসলাম ইমন বলেন, “আমরা আজও সুশৃঙ্খলভাবে আমাদের দাবি নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। আমাদের পায়ে বেড়ি পড়ানো, আমরা আহত। আমাদের ভাইরা শহীদ হয়েছেন।” তিনি আরও বলেন, কিছু ব্যক্তি সরকারের আশেপাশে থাকা সুবিধাবাদী লোকদের দ্বারা আন্দোলনকে অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা চলছে, এবং “আহত লীগ” হিসেবে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে।
তিনি বলেন, “আমরা এই সরকারেরই একটি অংশ, আমাদের আন্দোলনকে বিকৃত করতে করবেন না। যারা আমাদের ‘আহত লীগ’ বলবে, তারা নিজেই আওয়ামী লীগের দোসরদের মতো হবেন।”
আন্দোলনকারীরা আহতদের পুনর্বাসন, গণঅভ্যুত্থান কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা, চাকরি ব্যবস্থা এবং শহীদ ও আহত পরিবারের জন্য ন্যায্য সুবিধা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।











