বিশ্ব ইজতেমার নিরাপত্তা আগের তুলনায় আরও কঠোর করা হয়েছে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব ইজতেমার নিরাপত্তা আগের তুলনায় আরও কঠোর করা হয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। বুধবার (২৯ জানুয়ারি) টঙ্গীর ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুলিশ যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় প্রস্তুত। তিনি এ সময় গণমাধ্যমের সহায়তাও প্রত্যাশা করেন।

ইজতেমার আয়োজক দলের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উভয় পক্ষের আয়োজকরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করবেন বলে আমরা আশাবাদী।

ইজতেমা ময়দান ও আশপাশের এলাকার নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া, বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ডগ স্কোয়াড, বিস্ফোরক টিম, চুরি, ছিনতাই ও পকেটমার প্রতিরোধ টিম এবং নৌ টহল পরিচালনা করা হবে। রেলওয়ে স্টেশনেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইজিপি আরও জানান, পুরো ইজতেমা ময়দান সিসিটিভির আওতায় থাকবে। ড্রোন ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। ইজতেমা ময়দানের প্রবেশপথগুলোতে আর্চওয়ে স্থাপন করা হবে এবং হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে। পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। ভিআইপি এবং বিদেশি অতিথিদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আকরাম হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং তাবলীগের মুরব্বিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টঙ্গীতে আগামী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি এবং ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।