ক্রিকেটারদের পেমেন্ট ইস্যুতে মেহেদী হাসান মিরাজের মন্তব্

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ ক্রিকেটারদের পেমেন্ট নিয়ে নানা বিতর্কের জন্ম দিয়েছে, বিশেষ করে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির অব্যাহত সমস্যা। চেক বাউন্স, পেমেন্ট না দেওয়া এবং খেলোয়াড়দের হোটেল ছাড়ানোর মতো ঘটনা নিয়ে দলটির বিরুদ্ধে তীব্র সমালোচনা চলছে। এই পরিস্থিতিতে, জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।

মিরাজ সংবাদ সম্মেলনে বলেন, “অবশ্যই পেমেন্ট না পাওয়া খারাপ লাগছে। দিনশেষে আমরা ক্রিকেট খেলি টাকার জন্য, আর যদি সেই পারিশ্রমিক না পাই, তা প্রত্যেক খেলোয়াড়ের জন্যই খারাপ। ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, তাদের উচিত এ ব্যাপারে কথা বলা এবং কার্যকর সমাধান বের করা।”

খুলনা টাইগার্সের পেমেন্ট নিয়ে মিরাজ বলেন, “আমাদের টিম ইতোমধ্যে ৪০% পেমেন্ট পেয়ে গেছে। আর এই সপ্তাহে ৩০-৩৫% পেমেন্ট আরও করা হবে, ফলে আমরা প্রায় ৭০% পেমেন্ট পেয়ে যাবো।”

বিদেশি ক্রিকেটারদের বিপিএল নিয়ে ভাবনা প্রসঙ্গে মিরাজ বলেন, “এ বছর পরিস্থিতি একটু আলাদা ছিল। এর আগে কখনো এমন পরিস্থিতি হয়নি, তবে আমি আশা করি বিপিএল গভর্নিং কাউন্সিল এই সমস্যা সমাধান করবে এবং খেলোয়াড়দের পাশে থাকবে।”

বিপিএল টিকিট বিক্রি এবং ব্যবস্থাপনা বিষয়ে মিরাজ বলেন, “নতুন পরিবেশে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, তবে এগুলো সমাধানযোগ্য। আমরা সবাই যদি একসঙ্গে কাজ করি, আশা করি পরিস্থিতি ঠিক হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “আমাদের দায়িত্ব হলো যে কোনো সমস্যা হলেও তা যেন দেশের ক্রিকেটের জন্য না হয়, যাতে বিশ্ব ক্রিকেটে আমাদের সম্মান রক্ষা হয়।”

এদিকে, ১০ ম্যাচের মধ্যে ৪টি জয় নিয়ে খুলনা টাইগার্স বর্তমানে টেবিলের ৫ম স্থানে রয়েছে।