নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তারা গত মাসের বকেয়া বেতন পরিশোধ না হওয়ায় এ কর্মসূচি গ্রহণ করেন।
শ্রমিকরা কাজ বন্ধ রেখে চন্দ্রা ফ্লাইওভারের সংযোগ সড়কের উভয়পাশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন, যার কারণে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন জানান, “শ্রমিকদের সড়ক থেকে সরাতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। বর্তমানে যান চলাচল ব্যাহত হচ্ছে, তবে পরিস্থিতি দ্রুত শান্ত করার চেষ্টা চলছে।”











