নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলের জামিন

নিজস্ব প্রতিবেদক:

শ্রম আইন মামলায় গ্রেফতার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চার জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে একই দিন ভোরে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হয়। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

 

একই মামলার আরও তিন আসামিও আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় দায়ের করা শ্রম আইনের মামলায় সাজেদুল ইসলাম শুভ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার প্রথম শ্রম আদালত।

 

এর আগে মঙ্গলবার রাত থেকে সাজেদুল ইসলামের বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। তবে গভীর রাত পর্যন্ত বাসার ভেতরে প্রবেশ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

 

মামলাটির পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে বলে জানা গেছে।

 

আদালতের নথি অনুযায়ী, সাবেক কর্মীর পাওনা আত্মসাতের এই মামলায় প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সফিউল ইসলামসহ শীর্ষ পর্যায়ের ৬ কর্মকর্তা ও খোদ আফতাব অটোমোবাইলসের নাম রয়েছে।