অনলাইন ডেস্ক:
অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু কমেডি গল্পে অভিনয়ের অভিজ্ঞতা হয়েছে সামিরা খান মাহির। সে নাটকগুলো অনেকে পছন্দ করেছেন। আবারও তাই অভিনয়ের জন্য হাসির একটি গল্প বেছে নিয়েছেন মাহি। নাম ‘কোটি টাকার বউ’। যেখানে এই তারকা অভিনেত্রীর দেখা মিলেছে কেন্দ্রীয় চরিত্রে। কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জনের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন মিতুল খান। এতে আরও একবার মাহির সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন নিলয় আলমগীর। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, চিত্রলেখা গুহ, মাসুম বাশার, আজম খান, হানিফ পালোয়ান, শাওন মজুমদার প্রমুখ। অভিনেত্রী সামিরা খান মাহি বলেন, “কমেডি নাটকের প্রতি দর্শকের আলাদা এক ধরনের ভালো লাগা আছে। যেজন্য উৎসব ছাড়াও অন্যান্য সময় দর্শক প্রত্যাশায় থাকেন হাসির গল্পের নাটকের। সেটি জেনেই পরিচালক মিতুল খান ‘কোটি টাকার বউ’ নাটকটি নির্মাণ করেছেন। যার কাহিনিতে হাস্যরসের মিশেলে পারিবারিক টানাপোড়েন ও জীবনের নানা বাস্তবতাকে তুলে আনা হয়েছে। নাটকটি অনেকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করছি।” পরিচালক মিতুল খানের কথায়, “বিনোদনের পাশাপাশি দর্শককে কিছু ইতিবাচক বার্তা দেওয়ার ইচ্ছা থেকে ‘কোটি টাকার বউ’ নাটকের নির্মাণ। আমাদের সামাজিক অবস্থানকে কেন্দ্র করে সম্পর্কের নানা জটিলতা তৈরি হওয়ার বিষয়টি হরহামেশা চোখে পড়ে। সেগুলো হাস্যরসাত্মক আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ নাটকে; যা অনেকের মনে ছাপ ফেলবে।”











