অনলাইন ডেস্ক:
নিজের কোচিং যাত্রা শুরু করার অপেক্ষায় মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর করা হয়েছিল রিয়াদকে। তবে এবার পাকাপাকিভাবে কোচ হিসেবে কাজ করার অপেক্ষায় তিনি। বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি সূত্রের বরাতে জানা যায়, বাংলাদেশ ‘এ’ দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরে ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ। টানা তৃতীয় বছরের মত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্বে থাকবেন রিয়াদ। এক কর্মকর্তা জানিয়েছেন, ‘রিয়াদ বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং কোচ হিসেবে দলের সাথে যাবে। প্রধান কোচের দায়িত্বে থাকবেন সোহেল ইসলাম। এই সফরে সহকারী কোচ হিসেবে থাকবেন ইমরুল কায়েস। যেহেতু তিনি বর্তমানে অস্ট্রেলিয়াতেই আছেন, সেখান থেকেই দলের সাথে যোগ দেবেন।’ অস্ট্রেলিয়া সফরে প্রধান কোচ সোহেল ইসলামের সাথে সহকারী কোচ ইমরুল কায়েস এবং ব্যাটিং কোচ হিসেবে ‘এ’ দলের সাথে কাজ করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া চলতি মাসের শেষে দক্ষিণ আফ্রিকা সফরও আছে ‘এ’ দলের। সেখানে মোহাম্মদ সালাউদ্দিন থাকবেন ‘এ’ দলের দায়িত্বে। বিসিবির কর্মকর্তা জানিয়েছেন, ‘সোহেল অস্ট্রেলিয়া সফরে কাজ করবেন এবং সালাউদ্দিন কাজ করবেন দক্ষিণ আফ্রিকা সফরে।’ টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া রাজ্য দলগুলোর সাথে পাকিস্তান শাহীনস, বাংলাদেশ ‘এ’ সহ সর্বশেষ আসরে খেলেছিল নেপালের জাতীয় দলও।











