নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব। আজ দ্বিতীয় দিন চলছে। ফজরের পর থেকেই বক্তারা বয়ান শুরু করেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) ইজতেমা ময়দান থেকে এই তথ্য পাওয়া গেছে।
এ পর্যন্ত ইজতেমায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন আমিরুল ইসলাম (৪০), আবদুল কুদ্দুস গাজী (৬০) এবং সাবেদ আলী (৭০)।
এদিকে, আয়োজকরা জানিয়েছেন, রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের আয়োজন শেষ হবে। এই পর্বে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। জুবায়েরপন্থিদের দ্বিতীয় ধাপের ইজতেমা ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, যেখানে ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা অংশ নেবেন। পরে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থিদের ইজতেমা অনুষ্ঠিত হবে। ১৮ ফেব্রুয়ারি মাগরিবের পর সাদ অনুসারীরা ময়দান প্রশাসনের কাছে বুঝিয়ে দেবেন।
প্রথম পর্বে অংশগ্রহণকারী জেলার মধ্যে রয়েছে: গাজীপুর, নড়াইল, রাজশাহী, নাটোর, গাইবান্ধা, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, ফরিদপুর, রাজবাড়ী, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, ফেনী, লক্ষ্ণীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কুমিল্লা, কুড়িগ্রাম, পঞ্চগড় এবং ঢাকার ডেমরা, কাকরাইল, মিরপুর, ধামরাই, দোহার ও নবাবগঞ্জ এলাকা।
বিশ্ব ইজতেমা ৩০ জানুয়ারি মাগরিবের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মাধ্যমে শুরু হয়। এবারের ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।











