জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া এলাকা থেকে রামদা হাতে ভাইরাল হওয়া জ্যোতি (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
জ্যোতি রূপকুমার গুহ ঠাকুরতার ছেলে এবং পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশ কনস্টেবল পদে কিছুদিন চাকরি করলেও পরবর্তীতে চাকরিচ্যুত হন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ৪ আগস্ট ২০২৪ ছাত্র আন্দোলনের সময় খালি গায়ে রামদা হাতে প্রকাশ্যে আন্দোলনকারীদের ওপর হামলা চালান তিনি। এ ঘটনার পর থেকে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। তবে পুলিশের নজরদারি ও অনুসন্ধানের পর শেষপর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জ্যোতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে নাশকতা, হামলা ও অস্ত্র আইন সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “জ্যোতির বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আমরা তাকে আদালতে সোপর্দ করেছি।”











