শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক:

সিরিজ হারলেও সান্ত্বনার জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের শেষ ম্যাচে কিউইদের ২ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। এই জয়ে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাইয়ের আশা একটু হলেও বাঁচিয়ে রেখেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। বার্বাডোজের ব্রিজটাউনে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৮ রান জড়ো করে নিউজিল্যান্ড। দলের পক্ষে অর্ধশতক হাঁকান উইল ইয়ং, নিক কেলি ও টম ল্যাথাম। ৭১ বলে ৬৯ রান করে ল্যাথাম ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার। ৮০ বলে ৬৪ রান করেন কেলি। এছাড়া ৬৩ বলে ৫৬ রান করেন উইল ইয়ং। ক্যারিবীয়দের পক্ষে ভিতেল লওয়েস ও আলজারি জোসেফ দুটি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার আকিম অগাস্টে ও জাস্টিন গ্রিভস ঝড়ো শুরু এনে দেন দলকে। আকিম ২৪ বলে ৩৪ ও গ্রিভস ১৫ বলে ২২ রান করে বিদায় নিলে দলের হাল ধরেন কিসি কার্টি ও অধিনায়ক শাই হোপ। সাবধানী ব্যাটিংয়ে কার্টি ৫৪ বলে ২০ ও হোপ ৫২ বলে ৩৯ রান করে দলকে পথ দেখান। তাদের বিদায়ের পর শেরফানে রাদারফোর্ড ৫৮ বলে ৬১ ও শিমরন হেটমেয়ার ৬৪ বলে ৬৯ রানের ইনিংসে দলের জয় এনে দেন। শেষদিকে দ্রুত কিছু উইকেট হাড়ালেও অপরাজিত থেকে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন হেটমেয়ার। ৩-২ ব্যবধানে সিরিজ জেতা নিউজিল্যান্ডের পক্ষে জ্যাকব ডাফি ও জায়ডেন লেনক্স তিনটি করে উইকেট পান। ম্যাচসেরা হয়েছেন হেটমেয়ার, সিরিজসেরা লেনক্স।