সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত করছে, অভিযোগ রিজভীর

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল ধারাবাহিকভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, গ্যাস, হাম, ডেঙ্গুসহ বিভিন্ন সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। কিন্তু একটি পক্ষ সেই কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

 

তিনি বলেন, “দেশে গ্যাস, হাম, ডেঙ্গুসহ সব ধরনের সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার অনুযায়ী তিনি কাজ করছেন। কিন্তু সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে।”

 

রিজভী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলেও তাকে ব্যর্থ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয়েছিল। বর্তমান সময়েও একই ধরনের চক্রান্ত অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।