রমজান উপলক্ষে তেল, চিনি, ছোলা ও খেজুরের সংকট হবে না: বাণিজ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক:

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দেশে আমদানিব্যবস্থা ও মজুদ যথেষ্ট রয়েছে এবং ইনশাআল্লাহ, রমজান মাসে তেল, চিনি, ছোলা ও খেজুরের কোনো সংকট হবে না। তিনি আজ রবিবার দুপুরে ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শীর্ষক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শেখ বশিরউদ্দীন আরও বলেন, “দেশে আমদানিব্যবস্থা ও মজুদ যথেষ্ট আছে। তেলের দাম, চিনি, ছোলা ও খেজুরের বাজারে কোনো সংকট নেই।” তিনি আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে যাওয়ার কারণে দেশের বাজারে দাম কমার সম্ভাবনা রয়েছে উল্লেখ করেন। “দাম বাড়ার কোনো কারণ আমি দেখি না,”— যোগ করেন তিনি।

এ সময় খাদ্যপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ নিয়ে আলোচনার উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, “এগুলো কীভাবে কার্যকরী করা যাবে, তার জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হবে। ভোক্তাকে প্রকৃত সাহায্য করার জন্য নীতিমালা প্রণয়ন প্রয়োজন।”

মার্কেটের সঠিক কার্যক্রম নিশ্চিত করার জন্য দেশের বাজারে প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্যবসায়ী সম্প্রসারণের জন্য টিসিবি এবং বাজারে সহনীয় পরিস্থিতি তৈরি করতে ট্যারিফ কমিশন এবং এনবিআরের কাজ করার কথা উল্লেখ করেন শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, “বছরে ৫-৬ লাখ টন রাইস ব্র্যান অয়েল ভারতে রপ্তানি হতো, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই তেল এখন রপ্তানি কঠিন করা হয়েছে। ইতোমধ্যে ২৫ শতাংশ রেগুলেটরি ট্যাক্স চাপানো হয়েছে। এতে বাজারে এই তেল আসলে তেলের বাজার আরো স্থিতিশীল হবে।”

এছাড়া, বোতল তেল এবং খোলা তেলের মধ্যে পার্থক্য নেই, একমাত্র পার্থক্য দাম বলেও মন্তব্য করেন তিনি। বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে সরকার প্রতিযোগিতা কমিশনকে স্বাধীন করার উদ্যোগ নিচ্ছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।