অনলাইন ডেস্ক:
অধিকৃত পশ্চিম তীরে বুধবার রাতে ইসরাইলি সেনার গুলিতে দুই কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তবে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা একটি ‘সহিংস দাঙ্গার’ সময় গুলি চালিয়েছে।
মন্ত্রণালয় জানায়, মধ্য পশ্চিম তীরে রামাল্লাহর উত্তর-পূর্বে আল-মুগাইয়ির গ্রামে ইসরাইলি সেনার গুলিতে ১৯ বছর বয়সী ওমর মোহাম্মদ নাজি আল-নাসান ও ১৬ বছর বয়সী খলিল রাসেম খলিল শাহাদা নিহত হয়। রামাল্লাহ থেকে বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
আল-মুগাইয়ির গ্রাম পরিষদের প্রধান আমিন আবু আলিয়া এএফপিকে বলেন, ‘ইসরাইলি বসতি স্থাপনকারীরা গ্রামের তিনি জানান, দু’টি বাড়ি থেকে ভেড়া চুরির চেষ্টা করে।’ এ নিয়ে সংঘর্ষের পর ‘ইসরাইলি সেনাবাহিনী গ্রামটি অবরুদ্ধ করে এবং পরে এর কেন্দ্রে অভিযান চালায়।’
তিনি বলেন, ইসরাইলি বাহিনী বিভিন্ন ভবনের ভেতরে স্নাইপার মোতায়েন করে। তারা বসতি স্থাপনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করা বাসিন্দাদের লক্ষ্য করে ‘সরাসরি গুলি চালায়।’
অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ‘এলাকাটিতে পাওয়া ইসরাইলি বেসামরিক নাগরিকদের গবাদিপশু ফিরিয়ে দেওয়ার সুবিধার্থে’ তারা গ্রামের প্রবেশপথ ‘নিরাপদ করেছিল।’
সেনাবাহিনী জানায়, ‘বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেওয়ার সময় একটি সহিংস দাঙ্গা শুরু হয়। এ সময় সন্ত্রাসীরা সেনাদের লক্ষ্য করে কংক্রিটের ব্লক ও পাথর নিক্ষেপ করে।’
সেনাবাহিনী আরও বলেছে, ‘হুমকি দূর করতে মূল উসকানিদাতাদের লক্ষ্য করে গুলি চালিয়ে বাহিনী জবাব দেয়।’ এ ঘটনায় পরিস্থিতি মোকাবিলার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানানো হয়।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, সংঘর্ষের সময় গুলিতে দুই কিশোর গুরুতর আহত হয়। নাসানের ঘাড়ে এবং শাহাদার পিঠে গুলি লাগে। তাদের রামাল্লাহর দুটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলে থাকা পশ্চিম তীরে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইল আক্রমণের পর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হলে সহিংসতা বেড়ে যায়।
ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা বেড়ে প্রায় প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে।
ফিলিস্তিনের সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে এএফপি’র হিসাব অনুযায়ী, ইসরাইলি সেনা বা বসতি স্থাপনকারীদের গুলিতে এ পর্যন্ত অন্তত ১ হাজার ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন সশস্ত্র যোদ্ধাও রয়েছেন।
অন্যদিকে ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হামলা অথবা ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪৮ জন ইসরাইলি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।











