১১ বছর পর সিনেমায় বিপাশা—কী নিয়ে ফিরছেন ‘বসু’ সুন্দরী?

অনলাইন ডেস্ক:

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। পরিচালক হানসাল মেহতার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ‘বারাবাঁকি’র মাধ্যমে পর্দায় প্রত্যাবর্তন করছেন তিনি।

জানা গেছে, এরই মধ্যে মুম্বাইয়ে সিরিজটির শুটিং শুরু করে দিয়েছেন অভিনেত্রী। এটি হানসাল মেহতার সঙ্গে বিপাশার প্রথম কাজও।

১৯৮৪ সালের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘বারাবাঁকি’। অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা অলোক লালের লেখা বই ‘দ্য বারাবাঁকি নারকোস : বাস্টিং ইন্ডিয়াজ মোস্ট নোটোরিয়াস ড্রাগ কার্টেল’ অবলম্বনে তৈরি হচ্ছে সিরিজটি।

উত্তর প্রদেশের বারাবাঁকি জেলায় সক্রিয় একটি শক্তিশালী আফিম পাচার চক্রের বিরুদ্ধে অলোক লালের নেতৃত্বে পরিচালিত বাস্তব অভিযানের ঘটনাকে কেন্দ্র করেই এগোবে গল্প।

সিরিজটিতে বিপাশার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সানি কৌশল ও ‘হোমবাউন্ড’খ্যাত বিশাল জেঠওয়া। তবে তাদের চরিত্র সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ্যে আনেননি নির্মাতারা।

‘মিড-ডে’র প্রতিবেদন অনুযায়ী, গত মাস থেকেই মুম্বাইয়ে ‘বারাবাঁকি’র শুটিং করছেন বিপাশা।

সিরিজটিকে একজন আইপিএস কর্মকর্তা ও তার দলের শক্তিশালী মাদক চক্রের বিরুদ্ধে লড়াইয়ের এক টানটান, বাস্তব অভিজ্ঞতানির্ভর গল্প হিসেবে তুলে ধরা হচ্ছে।

এদিকে বিপাশার চরিত্রটি নিয়ে এখনো রহস্য রেখেছেন নির্মাতারা। তবে প্রতিবেদনে দাবি করা হয়েছে, গল্পের মূল চরিত্রের সঙ্গে তার চরিত্রের গভীর যোগ রয়েছে।

হানসাল মেহতা প্রস্তাব দেওয়ার পর দ্রুতই এই প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন বিপাশা। কারণ, দীর্ঘদিন ধরেই হানসাল তার পছন্দের পরিচালকদের তালিকায় ছিলেন বলে জানা গেছে।

শুধু চরিত্রেই নয়, লুকেও চমক দিতে চলেছেন অভিনেত্রী। এর আগে পর্দায় যেসব অবতারে দেখা গেছে তাকে, ‘বারাবাঁকি’তে তার চেয়ে একেবারে ভিন্ন সাজ ও চেহারায় হাজির হবেন বিপাশা। গল্পে অলোক লালের অভিযানের পেছনে কাজ করা বৃহত্তর নেটওয়ার্কের নানা দিকও তুলে ধরা হবে বলে জানা গেছে।

 

এদিকে বিপাশা বসুর ক্যারিয়ারে ‘রাজ’, ‘জিসম’, ‘ধুম ২’, ‘নো এন্ট্রি’, ‘আজনবি’ ও ‘ওমকারা’র মতো সিনেমা উল্লেখযোগ্য। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘অ্যালোন’ ছিল তার সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এরপর তাকে আর বড় পর্দায় পাওয়া যায়নি। তবে ২০২০ সালে ‘ডেঞ্জারাস’ দিয়ে ওটিটিতে অভিষেক হয় তার।

২০২২ সালে কন্যা দেবীর জন্মের পর থেকে মূলত পরিবারকেই বেশি সময় দিয়েছেন বিপাশা। দীর্ঘ সময় পর এবার ‘বারাবাঁকি’র মাধ্যমে পর্দায় ফিরছেন তিনি। তাই নতুন এই সিরিজে তার চরিত্র ও অভিনয়ের পাশাপাশি ভিন্ন লুকেও দর্শকদের জন্য থাকছে বাড়তি চমক।