প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলির চেষ্টা, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

অনলাইন ডেস্ক:

রাজশাহীতে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে গিয়ে সরকারি প্রটোকল ও প্রশাসনিক শিষ্টাচার ভঙ্গের অভিযোগে বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তাকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে স্ট্যান্ড রিলিজ করা হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে করমর্দনের পর কোলাকুলি করার চেষ্টা করলে এ সিদ্ধান্ত নেয় সরকার।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, রংপুরের পূর্বনির্ধারিত কর্মসূচি শেষে মঙ্গলবার বিকেল ৩টার দিকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। রাষ্ট্রীয় শিষ্টাচার অনুযায়ী বিমানবন্দরের ভিআইপি ফটকের বাইরে তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত ছিলেন উর্ধতন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

অভ্যর্থনাকালে প্রটোকল মেনে প্রধানমন্ত্রী সারিবদ্ধভাবে উপস্থিত সবার সঙ্গে একে একে করমর্দন করছিলেন। এ সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীও তার সঙ্গে হাত মেলান। তবে করমর্দন শেষে তিনি আচমকা প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলি করার উদ্যোগ নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী তাকে সেই সুযোগ না দিয়ে হাত দিয়ে আটকে দেন এবং সরে যান। এ ঘটনায় প্রধানমন্ত্রী নিজে এবং তার নিরাপত্তায় নিয়োজিত প্রটোকল কর্মকর্তারা তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

ঘটনার পরপরই ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তা নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। সফরসূচি দেখাশোনার দায়িত্বে থাকা কর্মকর্তারা বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করেন এবং প্রটোকল লঙ্ঘনের দায়ে ওই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী রাজশাহী ত্যাগ করার পরপরই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মো. ইউসুফ আলীকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করা হয়। আদেশে তাকে অবিলম্বে কর্মস্থল ত্যাগের নির্দেশ দেওয়া হলে মঙ্গলবার রাত ১১টার দিকেই তিনি ঢাকার উদ্দেশে রাজশাহী ছাড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

ঘটনা সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এক মন্ত্রী জানান, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার কাছ থেকে প্রটোকল বিষয়ে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। অভ্যর্থনাস্থলে অনভিপ্রেত এ আচরণের কারণেই তাৎক্ষণিকভাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।