অনলাইন ডেস্ক:
যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিআইডির সাইবার পুলিশ ইউনিটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সোহাগ ফকিরের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। রাজৈর থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।
গ্রেফতারের সময় সোহাগ ফকিরের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদ শেষে তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।











