অনলাইন ডেস্ক:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত জানিয়েছেন, সাধারণ মানুষের মাঝে সৌর বিদ্যুৎ স্থাপনের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং আশা করা যাচ্ছে আগামী গ্রীষ্মের আগেই এ খাত থেকে তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
বুধবার দুপুরে যশোর জেলা বিএনপি অফিসে সৌর বিদ্যুৎ স্থাপনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। দেশের প্রথম রাজনৈতিক কার্যালয় হিসেবে এই কার্যালয়ে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে বলে জানান তিনি। পরে তিনি শহরের লালদিঘি পাড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী বলেন, সৌর বিদ্যুৎ নিয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আগ্রহ দেখে সরকারও নীতিগত সহায়তা দিচ্ছে। এর ফলে এই খাতে নতুন ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করেই যশোর জেলা বিএনপি কার্যালয়ে নিজস্ব অর্থায়নে ৬ কিলোওয়াট ক্ষমতার এই সৌর প্যানেল বসানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
যশোর জেলা বিএনপি কার্যালয়ের এই উদ্যোগ দেখে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোও তাদের কার্যালয়ে সৌর প্যানেল বসাতে উৎসাহিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এই প্যানেলে নিজেদের ব্যবহারের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে এবং তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে এর পুরো খরচ উঠে আসবে।
কৃষিখাতে সৌর শক্তির ব্যবহারের কথা তুলে ধরে জ্বালানি প্রতিমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে দেশের সেচ পাম্পগুলোও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। এতে প্রচলিত বিদ্যুৎ ও ডিজেলের ওপর চাপ কমার পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।











