অনলাইনে রেজিস্ট্রেশন ও প্রবেশমূল্য দিয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলত ডিজে পার্টি

অনলাইন ডেস্ক:

পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বিলাসবহুল বাড়িতে গত এক বছর ধরে নিয়মিত বসে আসছিল অবৈধ ডিজে পার্টির আসর। অনলাইনে নাম নিবন্ধন এবং জনপ্রতি ৬০০ টাকা ফি দিয়ে উচ্চবিত্ত পরিবারের সন্তান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব আয়োজনে অংশ নিতো। বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর তিনশো ফিট এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ মোট ৮৫ জনকে আটকের পর এসব চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, ঊর্ধ্বতন মহলের সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ওই বাড়িটিতে অভিযান চালানো হয়। পুলিশ যখন ভবনটিতে প্রবেশ করে, তখন ভেতরে উচ্চ শব্দে গান বাজছিল এবং সীসা সেবনের কারণে পুরো পরিবেশ ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়েছিল। ওই সময় সেখানে প্রায় ২২টি গাড়ি পার্ক করা অবস্থায় দেখা যায়।

অভিযানকালে ভবনটির ভেতর থেকে ২৬ জন তরুণীসহ মোট ৮৫ জনকে আটক করা হয়। আটক নারীদের বয়স সাধারণত ২০ থেকে ২২ বছরের মধ্যে এবং তারা সবাই শিক্ষার্থী। তাদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীও রয়েছেন। এ ছাড়া আটক পুরুষদের মধ্যে কেউ ছাত্র, কেউ করপোরেট চাকরিজীবী আবার কেউ বা ব্যবসায়ী।

পার্টি পরিচালনার বিষয়ে ডিসি ইলিয়াস কবির বলেন, ‘এয়ারবিএনবি’ ও ‘ট্রাভেলা’ নামের দুটি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব পার্টির আয়োজন করা হতো। অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা আসতেন। মাসে প্রায় ২০ থেকে ২২ দিন এই আয়োজন চলত এবং প্রতিবার অংশ নিতে জনপ্রতি ৬০০ টাকা দিতে হতো। এছাড়া বাড়ি ভাড়া সংক্রান্ত আর্থিক লেনদেনেরও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পার্টি বন্ধ করে দিয়ে অংশগ্রহণকারীরা ভবনের বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়েন। পাঁচ কক্ষের ওই বাড়িটিতে তল্লাশি চালিয়ে মদের তিনটি বোতল, ইয়াবা, কুশ নামক মাদক এবং বেশ কিছু যৌনস্বাস্থ্যসংশ্লিষ্ট সামগ্রী উদ্ধার করা হয়েছে।

আটক ৮৫ জনের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ সম্পর্কে ডিসি ইলিয়াস কবির জানান, ভ্রাম্যমাণ আদালতে পুরুষ আসামিদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ১৫ দিন কারাভোগ করতে হবে। অন্যদিকে, নারী আসামিদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।